আর্কাইভ | ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩, ১৩ জামাদিউস সানি ১৪৪৮ ১০:০০:১৫ অপরাহ্ন
Photo
আন্তর্জাতিক ডেস্ক 
ঢাকা, প্রকাশিতঃ
২৫ নভেম্বর ২০২৬
০৯:২৪:৪৩ পূর্বাহ্ন

প্রেমের সম্পর্কে অন্তঃসত্ত্বা, মেয়েকে পিটিয়ে-শ্বাসরোধে হত্যা


‘সম্মান রক্ষার’ নামে ইরানে ১৯ বছর বয়সী অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা-মায়ের বিরুদ্ধে। হেলিয়া ফাত্তাহি নামের ওই তরুণী দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, এক তরুণের সঙ্গে সম্পর্কের জেরে হেলিয়া ফাত্তাহি অন্তঃসত্ত্বা হওয়ার খবর পরিবারকে জানানোর পরই ক্ষুব্ধ হয়ে ওঠেন তার বাবা-মা।
অভিযোগ, তারা জোর করে হেলিয়া ফাত্তাহিকে প্রায় ৩০টি খিঁচুনির ওষুধ খাওয়ান। এরপর বেধড়ক মারধর করে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানানদাজে এ ঘটনা ঘটেছে।সংবাদ বিশ্লেষণ

মেয়েকে হত্যার অভিযোগে ওই তরুণীর বাবা ভোরিয়া ফাত্তাহি ও মা লেইলা ভেইসকে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদে দুজনই হত্যার কথা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মানবাধিকার সংস্থা হেঙ্গাওর তথ্য অনুযায়ী, গত ২১ নভেম্বর শনিবার বাবা-মা প্রথমে আদালতে গিয়ে মেয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেখান থেকে ফিরে তারা হেলিয়াকে জোর করে ওষুধগুলো খাওয়ান। কিন্তু এতেও তার মৃত্যু না হওয়ায় বালিশ দিয়ে মুখ চেপে ধরে তাকে হত্যা করেন।
হেঙ্গাও এবং আরেক মানবাধিকার সংস্থা হানা এই হত্যাকাণ্ডকে তথাকথিত ‘সম্মান রক্ষার’ নামে হত্যা হিসেবে বর্ণনা করেছে।
হেঙ্গাও এক বিবৃতিতে বলেছে, ‘পারিবারিক সহিংসতা থেকে নারী ও শিশুদের সুরক্ষায় কার্যকর আইন প্রণয়নে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ব্যর্থতা, আইনের ফাঁকফোকর এবং তথাকথিত সম্মান রক্ষার নামে হত্যাকারীদের জন্য নমনীয় শাস্তির ব্যবস্থা নারীদের কাঠামোগত সহিংসতার ঝুঁকিতে ফেলছে। একই সঙ্গে অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতিকে আরও শক্তিশালী করছে।’


ইরানে এক সপ্তাহে তিন তরুণী নিহত
ইরানে নারীদের ওপর নির্যাতন ও সহিংসতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে এই হত্যাকাণ্ডের পর। গত এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে দেশটিতে তিন তরুণী হত্যার শিকার হয়েছেন।
গত ১৮ নভেম্বর গিলান প্রদেশে নিজের জন্মদিনের অনুষ্ঠানে গুলিতে নিহত হন ২৩ বছর বয়সী সাদাফ হাঘবিন। বিয়েতে রাজি না হওয়ায় তার সাবেক প্রেমিক তাকে গুলি করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
এর আগে কেরমানশাহ প্রদেশে একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মারা যান ১৬ বছর বয়সী স্কুলছাত্রী সোগান্দ সায়াদি। দেশটির শিক্ষক ইউনিয়নগুলোর একটি জাতীয় নেটওয়ার্ক জানিয়েছে, স্কুলের কর্মীদের কাছে ওই কিশোরী আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, বাবার সঙ্গে বাড়ি ফিরতে বাধ্য করা হলে তার বাবা তাকে হত্যা করবেন।

এদিকে, চলতি সপ্তাহের শুরুতে ইরানের কর্তৃপক্ষ জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদি ও তার দলের চার সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাত করেছে। ইউটিউবে লাখোবার দেখা একটি পরিবেশনার জেরে তাদের এই শাস্তি দেয়া হয়।
২৯ বছর বয়সী পারাস্তু আহমাদিকে গত জুনে ওই শাস্তি দেয়া হয়েছিল। তার সঙ্গে চারজন সংগীতশিল্পী ও দলের চার সদস্যকেও শাস্তির মুখে পড়তে হয়। ২০২৪ সালের ডিসেম্বরে অনলাইনে প্রকাশিত ওই পরিবেশনায় মঞ্চে একাই গান গেয়েছিলেন আহমাদি। মঞ্চটি ছিল মৃদু আলোয় আলোকিত, আর সেখানে একটি বড় পারস্য গালিচা ছাড়া অন্য কোনো সাজসজ্জা ছিল না। তার গাওয়া গানগুলো ছিল আবেগপূর্ণ ও বিষাদময়।