আর্কাইভ | ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩, ১০ জামাদিউস সানি ১৪৪৮ ০৩:৩২:০৬ পূর্বাহ্ন
Photo
আন্তর্জাতিক ডেস্ক 
ঢাকা, প্রকাশিতঃ
২১ নভেম্বর ২০২৬
০৮:২৩:৫৭ পূর্বাহ্ন

কেমন আছেন আফগান নারীরা, গোপনে চলছে স্কুল-পার্লার


আফগানিস্তানের রাজধানী কাবুলের ব্যস্ত সড়কগুলোর আড়ালে গড়ে উঠেছে এক ভিন্ন জগৎ। সেখানে নীরবে চলছে এক ধরনের প্রতিরোধ। তালেবানের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে গোপনে স্কুল পরিচালনা করছেন নারীরা। সৌন্দর্যচর্চার প্রতিষ্ঠানও আবার খুলছেন কেউ কেউ। কেউবা ঘরের ভেতরেই চালিয়ে যাচ্ছেন খেলাধুলার অনুশীলন। গ্রেপ্তার, নির্যাতন কিংবা সবকিছু হারানোর ভয় নিয়েও থেমে নেই তাদের এই লড়াই।

২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর থেকেই নারীদের জীবনযাপনের ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করা হয়। প্রাথমিক শিক্ষার পর মেয়েদের জন্য স্কুল ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিষিদ্ধ করা হয়েছে।
ইসলামী ধর্মীয় শিক্ষা ও ভাষা শিক্ষার কিছু কোর্স ছাড়া উচ্চতর শিক্ষার সুযোগ নেই। পার্ক, জিমসহ বিভিন্ন জনসমাগমস্থলেও নারীদের প্রবেশ নিষিদ্ধ। বন্ধ করে দেয়া হয়েছে বিউটি পার্লার।

নারীদের জন্য জারি করা হয়েছে মাথা থেকে পা পর্যন্ত শরীর ঢেকে রাখার কঠোর পোশাকবিধি। কিছু ব্যবসার লাইসেন্স পাওয়ার সুযোগ থাকলেও অধিকাংশ চাকরিতে কাজ করার অধিকার থেকে বঞ্চিত তারা।
কাবুলের একজন সাবেক নারী ফুটবলার পরিস্থিতি বোঝাতে বলেন, ‘আফগানিস্তানে নারী হওয়াটাই যেন অপরাধ।’


ভয় দেখিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা
নারীদের ওপর এসব বিধিনিষেধ বাস্তবায়ন করে তালেবান সরকারের নৈতিকতা পুলিশ। দেশটির ধর্মীয় নীতি প্রচার ও অনৈতিকতা প্রতিরোধ মন্ত্রণালয়ের অধীন এই বাহিনীর সদস্যরা সাদা চিকিৎসকের কোটের মতো পোশাক পরে রাস্তায় টহল দেন। নিয়ম ভঙ্গের অভিযোগে নারীদের আটক করার ক্ষমতা রয়েছে তাদের। কোনো কোনো নারীকে মারধরের শিকারও হতে হয়েছে।

নারীদের ওপর বিধিনিষেধ নিয়ে বার্তা সংস্থা এপি প্রশ্ন করলে তালেবান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম বাদরিওয়াল বলেন, ইসলামী শরিয়াহ অনুযায়ী সবার অধিকার নিশ্চিত করতে মন্ত্রণালয় ‘পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ’।
তার ভাষ্য, ‘আমাদের বোনেরাও সামাজিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। তবে এজন্য তাদের অবশ্যই ইসলামী শরিয়াহর নীতি এবং বর্তমানে কার্যকর আইন মেনে চলতে হবে।’


তবে বাস্তবে তালেবানের নিষেধাজ্ঞার মধ্যেই নিজেদের মতো করে বেঁচে থাকার পথ খুঁজছেন অনেক নারী। গ্রেপ্তারের আশঙ্কায় কাবুলের এমন তিন নারীর পরিচয় প্রকাশ করেনি এপি। তাদের জীবন ও সংগ্রামের চিত্র তুলে ধরেছে সংবাদমাধ্যমটি।


বিউটি পার্লার খুলে আবারও ঘুরে দাঁড়ানো
কাবুলের ৪০ বছর বয়সী এক নারী দীর্ঘদিন ধরে একটি বিউটি পার্লারে কাজ করতেন। তালেবান সরকার পার্লার বন্ধের নির্দেশ দেয়ার পর তার জীবনে নেমে আসে হতাশা।

কিন্তু জীবিকার তাগিদে নিষেধাজ্ঞা অমান্য করে নিজেই একটি বিউটি পার্লার খোলার সিদ্ধান্ত নেন তিনি। বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে সাজসজ্জার জন্য নারীদের চাহিদা থাকায় গোপনে এ ব্যবসা চালানোর সুযোগ দেখেন।


একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে প্রয়োজনীয় সরঞ্জাম কেনেন তিনি। অল্প সময়ের মধ্যেই তার গ্রাহকসংখ্যা দাঁড়ায় প্রায় ৩০ জনে।


তার স্বামীও কাজ না পাওয়ায় পরিবারের ভরণপোষণের দায়িত্ব অনেকটাই তার ওপর এসে পড়ে। ফলে এই পার্লার হয়ে ওঠে পরিবারের বেঁচে থাকার অবলম্বন। কিন্তু একসময় কর্তৃপক্ষের নজরে পড়ে যায় গোপন পার্লারটি। অভিযান চালিয়ে সব সরঞ্জাম এবং আসবাবপত্র নিয়ে যায় তারা।

ওই নারী বলেন, ‘আমি পুরোপুরি আশাহীন হয়ে পড়েছিলাম। যে কাজটি আমাকে বেঁচে থাকার একটা উদ্দেশ্য দিত, সেটিও যদি কেড়ে নেয়া হয়, তাহলে আমার আর কী থাকে? সন্তানদের খাওয়াব কীভাবে? সংসারের খরচই বা মেটাব কীভাবে?’

একপর্যায়ে সব ছেড়ে দেশত্যাগের কথাও ভেবেছিলেন তিনি। কিন্তু গ্রাহকদের ফোন আসতে থাকে, সংসারের খরচও থেমে থাকে না। শেষ পর্যন্ত আবারও ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। নতুন একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে পুনরায় পারলার চালু করেন।
এবার তার প্রতিষ্ঠানে কাজ করছেন সাতজন নারী। তাদের প্রত্যেকেই নিজ নিজ পরিবারের ভরণপোষণে সহায়তা করছেন।

ফুটবলার থেকে ঘরের ভেতর প্রশিক্ষক
আরেক নারী একসময় আফগানিস্তানের জাতীয় নারী ফুটবল দলে জায়গা পেয়েছিলেন। কৈশোর থেকেই তার স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার। স্বপ্ন পূরণের পথে এগিয়েও যাচ্ছিলেন তিনি। কিন্তু নারীদের খেলাধুলার ওপর নিষেধাজ্ঞা তার সবকিছু থামিয়ে দেয়।

এরপর তিনি গভীর হতাশায় ডুবে যান। টানা ছয় মাস প্রায় ঘর থেকেই বের হননি। পরিবারের সদস্যরা তার অবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।
একসময় নিজেকে সামলে আবার খেলাধুলায় ফেরার সিদ্ধান্ত নেন। তবে মাঠে নয়, নিজের বাড়ির ছোট্ট পরিসরে শুরু করেন অনুশীলন। বক্সিংও শুরু করেন। পুরোনো গাড়ির কয়েকটি টায়ার জড়ো করে সেগুলো দিয়ে তৈরি করেন ঘরোয়া পাঞ্চিং ব্যাগ। এতে নিজের ভেতরের ক্ষোভ ও হতাশা সামলাতে সহায়তা পেয়েছেন বলে জানান তিনি।

তার সবচেয়ে প্রিয় খেলা এখনো ফুটবল। নিজে মাঠে খেলতে না পারলেও নতুন প্রজন্মের মধ্যে নিজের অভিজ্ঞতা ছড়িয়ে দিতে চান। বাড়ির ছোট্ট দেয়ালঘেরা উঠানে কয়েকজন ছেলেকে ফুটবল প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।
ওই নারী বলেন, ‘তাদের মধ্যে আমি আমার শৈশবের সেই স্বপ্ন ও আবেগ দেখতে পাই। তাদের প্রশিক্ষণ দিতে আমার খুব ভালো লাগে। কখনো কখনো মনে হয়, তাদের মধ্যেই আমি নিজেকে দেখতে পাচ্ছি।’

বক্সিং ও প্রশিক্ষণের মধ্য দিয়ে দিন কাটলেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হতে পারছেন না তিনি। আফগানিস্তান ছেড়ে অন্য কোনো দেশে আশ্রয় নিতে চান।
তার কথায়, ‘আফগানিস্তানে নিজের জন্য কোনো আশার আলো দেখি না। আমাদের জন্য কোনো দরজাই খোলা নেই।’

গোপন স্কুলে পড়ছে ২০ বছর বয়সী তরুণীরাও
তালেবানের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কাবুলে গড়ে উঠেছে কয়েকটি গোপন স্কুল। এর মধ্যে একটি পরিচালিত হচ্ছে একটি ব্যক্তিগত বাড়িতে। সেখানে শিক্ষার্থীদের মধ্যে যেমন ছেলেরা রয়েছে, তেমনি রয়েছে ২০ বছর বয়সী তরুণীরাও।
তালেবানের সন্দেহ এড়াতে শিক্ষার্থীরা একসঙ্গে স্কুলে আসে না। ভিন্ন ভিন্ন সময়ে তারা বাড়িটিতে প্রবেশ করে। দরজা খোলা হয় সামান্য, যাতে বাইরে থেকে কেউ তাদের উপস্থিতি টের না পায়।
ভেতরে সাধারণ স্কুলের মতোই পড়ানো হয় ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, গণিত, ভাষা ও কোরআন শিক্ষা। কিন্তু এই স্কুলের বিশেষত্ব হলো, এখানে মেয়েদের উপস্থিতিই আইন ভঙ্গের শামিল।

স্কুলটির শিক্ষক ২০ বছর বয়সী এক তরুণী। তাকে সহায়তা করেন তার কিশোরী বোন। তাদের কারও পেশাগত শিক্ষকতার প্রশিক্ষণ নেই। তালেবানের নিষেধাজ্ঞার আগে স্কুলে যা শিখেছিলেন, সেই জ্ঞান দিয়েই অন্য মেয়েদের পড়ানোর চেষ্টা করছেন তারা।
ওই তরুণী বলেন, ‘আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি মোটেও ভালো নয়। আমি ক্রমেই হতাশ হয়ে পড়ছিলাম। তাই এই ক্লাসটি আয়োজন করার সিদ্ধান্ত নিই।’
এক বছরেরও বেশি সময় আগে তিনি এই উদ্যোগ শুরু করেন। তার উদ্দেশ্য ছিল, মেয়েদের শিক্ষার সুযোগ অব্যাহত রাখা এবং তাদের মধ্যে আশার সঞ্চার করা। বর্তমানে তার স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০।

তালেবানের নিষেধাজ্ঞাগুলোর মধ্যে মেয়েদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞা সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে। এ বিষয়ে সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে বলে তালেবান কর্মকর্তারা বারবার দাবি করলেও বাস্তবে কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি।
গত আগস্টে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, শিক্ষার ক্ষেত্রে যেসব ঘাটতি রয়ে গেছে, সেগুলো সামগ্রিকভাবে সমাধানের চেষ্টা চলছে। কিন্তু সেই আশ্বাসে ভরসা রাখতে পারছেন না শিক্ষাবঞ্চিত মেয়েরা।

ওই স্কুলের কিশোরী সহকারী শিক্ষক বলেন, অনেক মেয়ে পড়াশোনায় পিছিয়ে পড়েছে। তাদের জন্য এমন একটি পরিবেশ তৈরি করাই ছিল এই উদ্যোগের লক্ষ্য, যেখানে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারবে এবং নিজেদের স্বপ্ন পূরণের চেষ্টা করতে পারবে। তবে প্রতিটি ক্লাস নেয়ার সময়ই তাদের গ্রেপ্তারের ঝুঁকি থাকে।
তিনি বলেন, ‘আমরা তালেবানকে খুব ভয় পাই। সব সময় আশঙ্কা থাকে, একদিন তারা আমাদের খুঁজে বের করবে, নিয়ম ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করে নিয়ে যাবে। এই সম্ভাবনাই আমাদের ভীষণ আতঙ্কিত করে।’

তবে তারপরও থেমে নেই তাদের উদ্যোগ। কারণ, তালেবানের নিষেধাজ্ঞায় শিক্ষা, কাজ ও খেলাধুলার সুযোগ হারানো এসব নারী নিজেদের মতো করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।
কারও কাছে সেই লড়াইয়ের নাম গোপন স্কুল, কারও কাছে নিষিদ্ধ বিউটি পার্লার, আবার কারও কাছে ঘরের উঠানে ফুটবল প্রশিক্ষণ।
ভয় আর অনিশ্চয়তার মধ্যেও তাদের এই ছোট ছোট উদ্যোগ যেন জানিয়ে দিচ্ছে, সব দরজা বন্ধ করে দিলেও স্বপ্ন দেখার পথ পুরোপুরি বন্ধ করা যায় না। 

তথ্যসূত্র: মানবজমিন