আর্কাইভ | ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩, ৭ জামাদিউস সানি ১৪৪৮ ০৫:০৯:২৪ অপরাহ্ন
Photo
আন্তর্জাতিক ডেস্ক 
ঢাকা, প্রকাশিতঃ
১৯ নভেম্বর ২০২৬
০৪:৫৮:৫৫ পূর্বাহ্ন

জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে পাস


মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ, বিপক্ষে ৬টি এবং ভোটদানে বিরত ছিল ৩৩টি দেশ।


বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবটি গৃহীত হয়। প্রস্তাবটির নথি নম্বর এ/সি.৩/৮১/এল.৪২/রেভ.১।

প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া ছয়টি দেশ হলো-বেলারুশ, চীন, উত্তর কোরিয়া, নিকারাগুয়া, রাশিয়া ও ভিয়েতনাম।

বৈঠকে মিয়ানমারের প্রতিনিধি প্রস্তাবটিকে স্বাগত জানালেও এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি না থাকায় অসন্তোষ প্রকাশ করেন। 

তিনি অবিলম্বে দেশজুড়ে যুদ্ধবিরতি ঘোষণা, বিমান হামলা বন্ধ এবং সামরিক বাহিনীর অভিযানে সহায়তাকারী অস্ত্র ও জেট জ্বালানি সরবরাহ বন্ধের দাবি জানান।

মিয়ানমারের সামরিক জান্তার কর্মকাণ্ডকে বেসামরিক মানুষের বিরুদ্ধে ‘নির্মম সন্ত্রাসী অভিযান’ হিসেবে বর্ণনা করেন তিনি।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের ব্যাপক বিতাড়নের ঘটনার নয় বছর পূর্ণ হচ্ছে এ বছর।

অথচ এত দীর্ঘ সময়েও পরিস্থিতির কোনো অর্থবহ অগ্রগতি হয়নি। একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।

তিনি বলেন, রোহিঙ্গাদের দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত অবস্থায় থাকা বাংলাদেশের ওপর বাড়তি চাপ তৈরি করছে। এতে দেশের সম্পদ ও সক্ষমতার ওপর ক্রমাগত চাপ বাড়ছে।

বৈঠকে গাম্বিয়ার প্রতিনিধি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক বিচারব্যবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আগামী ১৯ নভেম্বর গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রত্যাশিত রায়ের প্রসঙ্গ তুলে ধরেন।

গাম্বিয়ার প্রতিনিধি বলেন, ‘গণহত্যা সনদ রক্ষার দায়িত্ব সব রাষ্ট্রের।’ তার মতে, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা সংকটের স্থায়ী সমাধানের জন্য জরুরি।

অন্যদিকে, রাশিয়ার প্রতিনিধি প্রস্তাবের সমালোচনা করেন। তিনি বলেন, মিয়ানমারের বর্তমান সংকটের জন্য শুধু নেপিডোর কর্মকর্তাদের দায়ী করার উদ্দেশ্যে জাতিসংঘকে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। তার মতে, এ ধরনের অবস্থান একপক্ষীয়। 

গৃহীত প্রস্তাবে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিন্দা জানানো হয়েছে।

এতে বেসামরিক মানুষের ওপর হামলা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে। পাশাপাশি রাখাইন রাজ্যের যেসব পক্ষ বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করছে, তাদের বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘের এ প্রস্তাবের মধ্য দিয়ে রোহিঙ্গা সংকটের সমাধান, নির্যাতন বন্ধ এবং দায়ীদের জবাবদিহির দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।