আর্কাইভ | ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩, ৭ জামাদিউস সানি ১৪৪৮ ০৬:৩১:৩১ অপরাহ্ন
Photo
বিশেষ প্রতিবেদক
ঢাকা, প্রকাশিতঃ
১৯ নভেম্বর ২০২৬
০৪:৪৫:৫১ পূর্বাহ্ন

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা দেশজুড়ে


ফ্যাসিবাদের দোসর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা আবারও একই ভাবে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক ভয়াবহ নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।  তারা আবারও লগি বইঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করার জন্য মাঠে নেমেছে। পলাতক স্বৈরাচারের দোসররা ডিসেম্বর কেন্দ্রিক একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এরই অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি, নির্বিচারে ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় দুজন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একের পর এক এমন বর্বরোচিত হামলায় জনতা চরম ক্ষোভে ফুঁসছে। পুলিশ বছছে, রাজধানীতে পলাতক নিষিদ্ধ দলের নেতাকর্মীদের ধরতে শিগগিরই চিরুনি অভিযান শুরু হচ্ছে। এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বৃহস্পতিবারও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বইঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় বিক্ষোভ করেন। সকাল থেকে বৃষ্টির মধ্যেই ঘোনাপাড়া এলাকায় লোকজন জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে বিক্ষোভ করেন। সড়কের যেসব জায়গায় গাছ ফেলে অবরোধ করা হয়েছে, সেখানেও পিকেটারদের দেখা গেছে।  বুধবার রাতে ও বৃহস্পতিবারও  রাজধানীসহ কয়েকটি স্থানে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  বুধবার রাতে রাজধানীর খিলগাঁওয়ে কেএফসির সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ছাড়া রাজধানীর মৌচাক ফরচুন মার্কেট-সংলগ্ন এলাকায়ও ককটেল বিস্ফোরিত হয়েছে। এদিকে দেশজুড়ে নাশকতামূলক কর্মকা-ের ঘটনা বেড়েই চলছে। গত ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১১ দিনে দেশের বিভিন্ন স্থানে ৭০টি ককটেল বিস্ফোরণ এবং ৫৭টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে। বুধবার পুলিশ সদর দপ্তরের তথ্যে এমন চিত্র উঠে এসেছে।

অন্যদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর মঙ্গলবার রাত থেকে থানার সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল বুধবার দুপুর পর্যন্ত থানায় পুলিশ সদস্যদের কেউ থানায় ছিল না। এছাড়াও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি ও আশপাশের অন্তত ১৫-টি বাড়িতে আগুন দেয়া হয়। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা গাঢাকা দিয়েছে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে দাঁড়িয়ে থাকা মেঘলা পরিবহনের দুটি যাত্রীবাহী বাস। ফতুল্লায় রংপুর মহানগরীতে ১০ ঘণ্টার ব্যবধানে দুটি বাসে আগুন দিয়ে ভস্মিভুত করেছে দুর্বৃত্তরা। বিশেষ করে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার ভোর থেকেই গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের বিভিন্ন পয়েন্টে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করেছে তারা। প্রশ্ন উঠেছে, একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে পুলিশ কী ধরনের ব্যবস্থা নিচ্ছে? নিষিদ্ধ দলের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কী? দেশের যেসব জেলায় উত্তেজনা, অস্থিরতা বিরাজ করছে, তার মাঝে শীর্ষে গোপালগঞ্জ। আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বুধবারও গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। 

টুঙ্গিপাড়ায় এখনও সড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। জানা গেছে, চলমান পরিস্থিতির সব থেকে বেশি প্রভাব পড়েছে টুঙ্গিপাড়ায়। টুঙ্গিপাড়া হয়ে পিরোজপুরের দিকে যাওয়া সড়কের বিভিন্ন স্থানে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে। সড়কটির নিলফাবাজার এলাকায় অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে মাইকে শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ বাজানো হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মঙ্গলবার রাতে নিলফাবাজার এলাকার বেশ কিছু দোকানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছিল। যার চিহ্ন এখনও ওই এলাকায় রয়েছে। এছাড়া, গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর পুড়ে যাওয়া অন্তত চারটি যানবাহনের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখেছেন তিনি। এছাড়া, গোপালগঞ্জের কাশিয়ানিতে থানা বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকের অফিস ভাংচুরের খবরও পাওয়া গেছে। 

স্থানীয়রা জানিয়েছেন, ছাত্রলীগের মিছিলের সামনে পড়ে যাওয়ায় এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করে তারা। সেইসাথে, কাশিয়ানীর রামদিয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আওয়ামীলীগ অফিস খুলে দেয় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এই ঘটনায় গোপালগঞ্জের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলো বিবিসি বাংলা। কিন্তু বেলা তিনটা পর্যন্ত তাদের কাউকে পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমকর্মী ও প্রশাসন সূত্রে জানা গেছে যে, মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের অন্তত দশটি যানবাহন পুড়ে গেছে। তবে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামরুন মুনীরা বুধবার একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনায় এখন পর্যন্ত সাতজন পুলিশ সদস্য আহত হওয়ার তথ্য তাদের কাছে রয়েছে। আহতরা ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় আটটি গাড়ি ও আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বেড়ে যাওয়ার পর নজরদারি ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত সাতই নভেম্বর থেকে ১৭ই নভেম্বর পর্যন্ত সারা দেশে অন্তত ৭০টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ৫৭টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৫টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, পুলিশের একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় এবং দু’টি স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম ও আ.লীগ নেত্রী ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোততকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নাহিদকে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, চট্টগ্রামসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ছাড়া অন্য জেলাগুলো হলো- নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর।


আওয়ামী সন্ত্রাসীদের নাশকতায় নিহত চার


নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অতর্কিত হামলায় নিহত বিএনপির দুই নেতার বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এ ঘটনায় পরিবার, স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার (১৮ নভেম্বর) রাতে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে হামলার ঘটনা ঘটে। এ হামলায় দুই নেতা নিহত ও আহত হয়েছেন আরও কয়েকজন। হামলার সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মতামত কলাম পড়ুন

নিহতরা হলেন- কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিন (৪৫) ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যা (৩৫)। নিহত শাহিন কালিয়া পৌরসভার মির্জাপুর এলাকার নিছার উদ্দিনের ছেলে এবং সোহেল মোল্যা ছোট কালিয়া এলাকার মোতালেব মোল্যার ছেলে।

এরআগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মাধবপুরে ফরিদপুর-বরিশাল মহাসড়কে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আটটার দিকে আকস্মিক তা-ব চালায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভের সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ১০ থেকে ১২টি মোটরসাইকেলে ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। ককটেল বিস্ফোরণের আঘাতে গুরুতর আহত হন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ও বাকপুর গ্রামের আকতার মোল্যার ছেলে রাজু মোল্যা (৪০)। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় সন্ত্রাসীরা চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে এবং স্থানীয় বিএনপির কার্যালয় ভাঙচুর চালায়। এদিকে পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় মো. সিয়াম নামের এক বাস হেলপার নিহত হয়েছেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা। বুধবার ভোররাত চারটার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে এই অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাই মহল এলাকায় সড়কের পাশে থাকা চারটি দোকানেও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের সানারপাড় এলাকায় মহাসড়কের পাশে পার্ক করে রাখা ‘থ্রি স্টার’ পরিবহনের একটি স্টাফ বাসে (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩২২) আগুন দেয় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অত্যন্ত সুকৌশলে বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও বাসের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

গোপালগঞ্জে আরেক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

গোপালগঞ্জের কাশিয়ানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল থেকে এক পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরের দিকে উপজেলার জিসি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ পরিদর্শকের নাম আবু আলম। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এসময় থানার পুলিশ পরিদর্শক আবু আলম মিছিলের সামনে পড়ে যান। তখন তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।

ঢাকায় পলাতক আ’ লীগ নেতাকর্মীদের ধরতে অভিযান

সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকায় আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তারে শিগগিরই চিরুনি অভিযান শুরু করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ইতিমধ্যে তাদের সম্ভাব্য আশ্রয়স্থলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে ঢাকায় পালিয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ঢাকায় আশ্রয় নিয়েছেন এবং পালিয়ে আছেন, তাদের গ্রেপ্তারে শিগগিরই চিরুনি অভিযান শুরু হবে। নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে জানিয়ে নিয়াজ মেহেদী বলেন, কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাকে শনাক্ত করে আইনের আওতায় আনাই চেকপোস্ট স্থাপনের মূল উদ্দেশ্য। নাশকতার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে। তিনি আরও জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ঘটনায় ৬৪টি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন। এ সময় ছয়টি বিস্ফোরিত ককটেলের খ-াংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা প্রসঙ্গে ডিএমপির এই কর্মকর্তা বলেন, এসব স্থাপনাকে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আগাম পরিকল্পনা অনুযায়ী সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চলছে। সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মাঠপর্যায়ে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। নাশকতার যেকোনো চেষ্টা প্রতিরোধে পুলিশ প্রস্তুত।

শক্ত অবস্থানে এসআরবি

এদিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচি ও গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটিলিয়ন (এসআরবি)। গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজার এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে এসব বলেন এসআরবি লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। ইন্তেখাব চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোপালগঞ্জ এবং তার আশপাশের এলাকায় নিয়োজিত আছে। সেখানে পুলিশ, আনসার, বিজিবি মোতায়েন করা হয়েছে। এসআরবির দুইটি ব্যাটালিয়ন এখানে সরাসরি সম্পৃক্ত। একটা হচ্ছে এসআরবির ৬, এবং আরেকটা এসআরবি ১০। এই দুটি ব্যাটালিয়নের সমন্বয়ে গোপালগঞ্জে আমাদের যে একটি কম্পোজিট ফোর্স সেখানে নিয়োজিত আছে। তারা দিনরাত সেখানে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, যদি কেউ কোনো ধরনের নাশকতামূলক কর্মকা- ঘটানোর চেষ্টা করে, কোনো সহিংসতা ঘটানোর চেষ্টা করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে আছে এবং আমরা সেগুলোকে রুখে দিতে বদ্ধপরিকর। এসআরবি মূখপাত্র বলেন, আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে প্রচেষ্টা থাকবে শুধু গোপালগঞ্জ না, সারাদেশেই। আমরা চেষ্টা করবো যাতে যত রকমের হানাহানি বলেন, বাসে অগ্নিসংযোগ হোক, ককটেলবাজি হোক, এগুলোকে নিবারণ করতে।