আর্কাইভ | ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩, ১৩ জামাদিউস সানি ১৪৪৮ ০৬:২৬:৪০ অপরাহ্ন
Photo
বিশেষ প্রতিবেদক 
ঢাকা, প্রকাশিতঃ
২৫ নভেম্বর ২০২৬
০৬:০১:৪৯ পূর্বাহ্ন

ভারতের যে স্থানে আছেন শেখ হাসিনা


বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে নয় মাসের যুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫৫ বছর পূর্তি হবে এদিন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।

বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা দিল্লির একটি নিরাপদ বাসভবনে থাকছেন বলে ধারণা করা হয়। তবে তার সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে উত্তরপ্রদেশের হিন্দন বিমানঘাঁটিতে পৌঁছান তিনি। পরে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়।

ওই বছরের অক্টোবরে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে দিল্লির লুটিয়েন্স বাংলো এলাকায় সরকারি ব্যবস্থাপনায় একটি বাংলো দেওয়া হয়েছে। রাজধানীর এই উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা বসবাস করেন।

ভারতে অবস্থানকালে শেখ হাসিনার নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নিরাপত্তার বিস্তারিত প্রকাশ করা হয়নি। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি রয়েছে এবং সাদা পোশাকে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে তার দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, যেহেতু ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা একটি বাংলাদেশি উড়োজাহাজে করে ভারতে গেছিলেন, তাই এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।

অন্যদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সূত্র: এনডিটিভি