রাজধানীর বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্যে স্বস্তি ফিরছে না সাধারণ মানুষের। বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে চড়া দামে। অপরিবর্তিত রয়েছে ডিম, মাংস ও মাছের দামও। অপরদিকে আলু-পেঁয়াজের দাম কিছুটা সহনীয় পর্যায়ে, পাশাপাশি কমেছে আদা-রসুনের দাম। তবে দু-একটি পণ্যের দাম কমলেও সামগ্রিক বাজার পরিস্থিতিতে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। তাদের অভিযোগ, নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের দামই সাধারণ মানুষের নাগালের বাইরে। বিশেষ করে নির্দিষ্ট আয়ের মানুষের জন্য বাড়তি দামে বাজার করা ও সংসারের খরচ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে বাজারে স্বস্তি ফেরার অপেক্ষায় দিন কাটছে সাধারণ ক্রেতাদের।
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা গেছে।
মিরপুরের একটি বাজারে প্রতি কেজি দেশি টমেটো ১৪০ টাকা, ভারতীয় টমেটো ১২০ টাকা, কাঁচা টমেটো ৮০-৯০ টাকা, চায়না গাজর ১২০ টাকা এবং ভারতীয় নতুন আলু ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি লম্বা বেগুন ৮০ টাকা, সাদা গোল বেগুন ৭০ টাকা এবং কালো গোল বেগুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে। শিম (মানভেদে) ১০০-১৮০ টাকা, দেশি শসা ১০০ টাকা, উচ্ছে ৮০ টাকা, করল্লা ৮০ টাকা, কাকরোল ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, হাইব্রিড পটল ৭০ টাকা, দেশি পটল ১০০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ধুন্দল ৭০ টাকা, ঝিঙা ৭০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৭০-৮০ টাকা, মূলা ৫০ টাকা এবং কচুরমুখী ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অপরদিকে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০-১২০ টাকা, ধনেপাতা ১৫০ টাকা, হাইব্রিড শসা ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে প্রতিটি লাউ ৭০-৮০ টাকা, চালকুমড়া ৭০ টাকা, ফুলকপি ৫০ টাকা এবং বাঁধাকপি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি কাঁচা কলা ৫০ টাকা এবং লেবু ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা মো. শাহ আলম বলেন, ‘নতুন সবজি… মানে শীতের সবজি যত বেশি আসা শুরু করবে বাজারে তত দাম কমতে থাকবে। নতুন নতুন সবকিছুরই দাম বেশি থাকে। আমরাই তো শিম ২৪০-২৫০ টাকা কেজি বিক্রি করেছিলাম। এখন ১০০ টাকাতেই বিক্রি করি। তবে কোয়ালিটি আলাদা আছে সেগুলোর দাম এখনও ১৭০-১৮০ টাকা।’
এদিকে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী তানভীর হোসেন বলেন, ‘শুধু সবজির কথা বলবো না। এমন কোন জিনিসটা আছে যেটার দাম কম? যেটা ধনী-গরীব সবাই শান্তি মতো কিনতে পারে। যারা বড়লোক তাদের জন্য আরও দাম বাড়লেও কোনও সমস্যা নাই। কিন্তু যারা আমার মতো নির্দিষ্ট ইনকামে সংসার চালায় কিংবা আমার থেকেও কম ইনকাম করে তারা কী করবে? তারা যে কী পরিমাণ চাপে আছে সেটা বোঝানো যাবে না। কেউ হয়তো প্রকাশ করে, কেউ আবার করে না। এই যা।’
বাজার করতে আসা আরেক ক্রেতা শেখ পাপ্পু বলেন, ‘কবে যে বাজারর সবকিছুর দাম কমবে, কে জানে। যদিও আমাদের দেশে একবার কোনও জিনিসের দাম বাড়লে সেটা আর কমতে চায় না। সেটা হোক দোকানের জিনিসপত্র কিংবা মনে করেন রিকশা ভাড়া। এগুলো বাড়লে আর কমতে দেখি নাই।’
স্বস্তি আলু-পেঁয়াজে, দাম কমেছে আদা-রসুনেরও
যখন বাজারে সবপণ্যের দাম আকাশচুম্বি তখন কিছুটা স্বস্তি মেলে আলু-পেঁয়াজের বাজারে। অনেকদিন ধরেই সহনীয় পর্যায়ে রয়েছে এসব পণ্যের দাম। পাশাপাশি দাম কমেছে আদা-রসুনেরও। আজকে চায়না রসুনের দাম কেজিতে কমেছে ২০ টাকা করে এবং চায়না আদার দাম কেজিতে কমেছে ১০-২০ টাকা । আবার দেশি ও ক্রস জাতের পেঁয়াজের দামও কেজিতে ৫ টাকা করে কমেছে। তবে বগুড়ার আলুর দাম কেজিতে বেড়েছে ১০ টাকা করে।
বিক্রেতা মো. ইউসুফ বলেন, ‘আদার দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে। তবে অন্যকিছুর দাম হয়তো কমবে না। ইন্ডিয়ার কেরালার আদা বাজারে চলে আসার সময় হয়েছে বলেই চায়না আদার দাম কমেছে।’
আজকের বাজারে ক্রস জাতের পেঁয়াজ আকার ও মানভেদে ৪৫-৫০ টাকা এবং দেশি পেঁয়াজ ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাল ও সাদা আলুর দাম কেজিপ্রতি ২৫ টাকা। বগুড়ার আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়। অপরদিকে দেশি রসুন ১০০ টাকা, চায়না রসুন ১৬০-১৮০ টাকা এবং চায়না আদা ১৫০-১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ডিম-মাংসের বাজার অপরিবর্তিত
বাজারে মুরগির প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা এবং সাদা ডিম ১১০- ১১৫ টাকায়। এছাড়া হাঁসের ডিম বিক্রি হচ্ছে ডজনপ্রতি ১৮০ টাকা।
অপরদিকে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭৩-১৮০ টাকা, কক মুরগি ২৯৭-৩২০ টাকা, লেয়ার মুরগি ৩০০-৩১০ টাকা এবং দেশি মুরগি ৬২০-৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম কেজিপ্রতি ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা। এদিকে মাছের বাজারেও রয়েছে দামের ভিন্নতা। আকার ও ওজন অনুযায়ী প্রতি কেজি ইলিশ মাছ ১০০০-২৬০০ টাকা, রুই মাছ ৩০০-৬০০ টাকা এবং কাতল মাছ ৩০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে। কালিবাউশ মাছের দাম ৪০০-৮০০ টাকা, চিংড়ি মাছ ৭০০-১৮০০ টাকা, কাঁচকি মাছ ৫০০-৬০০ টাকা এবং কৈ মাছ ২২০-২৫০ টাকা কেজি।
এ ছাড়া প্রতি কেজি পাবদা মাছ ৪০০-৬০০ টাকা, বাতাসি মাছ ১২০০-১৬০০ টাকা, কাজলি মাছ ১২০০-১৮০০ টাকা, শিং মাছ ৪০০-১২০০ টাকা, টেংরা মাছ ৬০০-১০০০ টাকা, মেনি মাছ ৫০০-৮০০ টাকা, বোয়াল মাছ ৬০০-১২০০ টাকা এবং রূপচাঁদা মাছ ১২০০-১৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
দাম কমেছে খোলা পোলাওয়ের চালের, বেড়েছে ছোলা-মাষকলাইয়ের
বাজারে খোলা পোলাওয়ের চাল মানভেদে ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হলেও সেটার দাম আজ কমেছে। আজকে ১৬৫-১৮০ টাকা কেজিতেই বিক্রি হচ্ছে। আবার এর থেকে কম দামেও পাওয়া বলে জানিয়েছেন বিক্রেতা। তবে সেগুলোর মান নিচের দিকে।
আবার ছোলা এতদিন ১০৫ টাকা কেজিতে বিক্রি হলেও আজকে বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে। মাষকলাইয়ের ডাল ১৮০ টাকায় বিক্রি হলেও আজকে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। বাজারে প্রতি কেজি প্যাকেটজাত পোলাওয়ের চাল ২৩০ টাকা এবং খোলা পোলাওয়ের চাল মানভেদে ১৬০ থেকে ১৬৫-১৮০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট মসুর ডাল প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা, মোটা মসুর ডাল ৯০ টাকা, বড় মুগ ডাল ১৪০ টাকা, ছোট মুগ ডাল ১৭০ টাকা, খেসারির ডাল ৮৫ টাকা, বুটের ডাল ১২০ টাকা, ছোলা ১২০ টাকা এবং মাষকলাইয়ের ডাল ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা। খোলা সয়াবিন তেল প্রতি কেজি ২০৫ টাকা এবং খোলা সরিষার তেল প্রতি লিটার ২২০ টাকায় বিক্রি হচ্ছে। কৌটাজাত ও খোলা ঘি প্রতি কেজি ১ হাজার ৪০০ টাকা, প্যাকেটজাত ও খোলা চিনি ১১০ টাকা কেজি, দুই কেজির প্যাকেট ময়দা ১৭০ টাকা এবং দুই কেজির প্যাকেট আটা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।