আর্কাইভ | ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩, ১ রবিউস সানি ১৪৪৮ ০৪:১২:১০ পূর্বাহ্ন
Photo
এখন বাংলা ডেস্ক
ঢাকা, প্রকাশিতঃ
১৪ সেপ্টেম্বর ২০২৬
১১:২৯:৪৬ পূর্বাহ্ন

সৌদিকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে হুথি বিদ্রোহীরা 


সিএনএন: হুথিদের তুলনায় সামরিক শক্তিতে এগিয়ে থেকেও বিপাকে রয়েছে সৌদি আরব। ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দ্রুত অগ্রযাত্রা এবং সৌদি আরবকে লক্ষ্য করে হামলা রিয়াদকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে।

বিশ্লেষকেরা বলছেন, সৌদি আরব এখন বড় ধরনের যুদ্ধ চায় না। তবে হুথিদের ক্রমবর্ধমান আগ্রাসী আচরণ দেশটিকে আরও বড় সংঘাতে জড়িয়ে ফেলতে পারে।


ইয়েমেন ও ওয়াশিংটনভিত্তিক ঝুঁকি বিশ্লেষক মোহাম্মদ আল-বাশা বলেন, পরিস্থিতির সব ইঙ্গিতই সৌদির বড় ধরনের পাল্টা হামলার দিকে যাচ্ছে। তার মতে, কার্যত সৌদি আরবের হাতে এখন খুব বেশি বিকল্প নেই।

সম্প্রতি হুথিরা লোহিত সাগরের প্রবেশমুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপ দখল করেছে। একই সঙ্গে, তারা মোখা বন্দর শহরেরও নিয়ন্ত্রণ নিয়েছে। এর মাধ্যমে বাব আল-মান্দেব প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে গোষ্ঠীটি।


বাব আল-মান্দেব বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি ও বাণিজ্যপথগুলোর একটি। এই পথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ায় সৌদি আরবের ওপরও চাপ বেড়েছে।

এর মধ্যেই ইরাক থেকে ড্রোন হামলার শিকার হয়ে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন বন্ধ হয়ে গেছে। হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর জন্য ইরানের দিকে আঙুল তুলেছেন।

ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইরাকে সক্রিয় রয়েছে।


ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর সৌদি আরব ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের ব্যবহার বাড়িয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল পরিবহন করা হচ্ছিল।

আগে এসব তেল পারস্য উপসাগরে অপেক্ষমাণ ট্যাংকারে তোলা হতো। ফলে পাইপলাইনে হামলা সৌদি আরবের জ্বালানি রপ্তানি ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করতে পারে।

গত মাসের শুরুতেই সৌদি কর্মকর্তারা সতর্ক করেছিলেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ইরাকি মিলিশিয়া ও হুথিদের সমন্বিত একাধিক হামলার আশঙ্কা করছে রিয়াদ।

সামরিক সক্ষমতার দিক থেকে সৌদি আরব হুথিদের চেয়ে অনেক শক্তিশালী। একদিকে বিপুল সম্পদের অধিকারী সৌদি আরবের আধুনিক ও সুসজ্জিত সামরিক বাহিনী। অন্যদিকে দরিদ্র ইয়েমেনের একটি বিদ্রোহী গোষ্ঠী হুথি।

কিন্তু বাস্তবে হুথিদের দমন করা অত্যন্ত কঠিন প্রমাণিত হয়েছে। বছরের পর বছর ধরে গোষ্ঠীটি নিজেদের সামরিক সক্ষমতা ও যুদ্ধকৌশল উন্নত করেছে।

গাজা যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়েও মধ্যপ্রাচ্যের কিছু অংশে জনপ্রিয়তা পেয়েছে তারা।


পশ্চিমা দেশ ও কয়েকটি উপসাগরীয় দেশের কাছে হুথিরা ইরানের একটি প্রক্সি বাহিনী হিসেবে পরিচিত হলেও তাদের নিজস্ব রাজনৈতিক লক্ষ্যও রয়েছে।

হুথিদের দাবি, উত্তর ইয়েমেনের তাদের নিয়ন্ত্রিত বিস্তীর্ণ অঞ্চলের ওপর সৌদি আরবের অবরোধ প্রত্যাহার করতে হবে। এই অবরোধের মধ্যে অর্থনৈতিক ও ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ রয়েছে।

হুথি-নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার প্রধান নাসর আল-দিন আমের বলেছেন, সৌদি আরবের ওপর চাপ অব্যাহত রাখবে তাদের গোষ্ঠী।

তাদের ভাষ্য, সৌদি আরবের আরোপিত অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত উত্তেজনা বাড়ানোর পথ থেকে তারা সরে আসবে না।


২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটির সংকট ভয়াবহ রূপ নেয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে দেশ ছাড়তে হয়।

পরের বছর হুথিদের হটাতে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। সৌদি নেতৃত্বাধীন জোট আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছে।

অন্যদিকে ইরান হুথিদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করেছে।

দীর্ঘ এই সংঘাতে ইয়েমেন বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে। বর্তমানে দেশটির প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।

সর্বশক্তি দিয়ে হামলা করলে বড় ঝুঁকি
বিশ্লেষকদের মতে, সৌদি আরবের একটি পথ হলো হুথিদের বিরুদ্ধে পূর্ণমাত্রায় সামরিক অভিযান চালানো। কিন্তু এর পরিণতি ভয়াবহ হতে পারে।

ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশন্সের বিশ্লেষক চিনজিয়া বিআঙ্কো মনে করেন, সৌদি আরব যদি সর্বশক্তি দিয়ে যুদ্ধে নামে, তাহলে তা ইয়েমেনের দীর্ঘ ও রক্তক্ষয়ী গৃহযুদ্ধের নতুন অধ্যায়ে পরিণত হতে পারে।

আরও বড় আশঙ্কা হলো, সেই সংঘাতে ইরান সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়তে পারে।

তখন সংঘাতটি শুধু ইয়েমেনকেন্দ্রিক থাকবে না। এ ক্ষেত্রে সৌদি আরব যুক্তরাষ্ট্রের পক্ষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে এবং তার মাধ্যমে রিয়াদ যুক্তরাষ্ট্র ও ইরানের বৃহত্তর সংঘাতের অংশ হয়ে উঠতে পারে।


যুক্তরাষ্ট্র কি সৌদির পাশে দাঁড়াবে?
সৌদি আরবের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কতটা সামরিক সহায়তা দেবে।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়াতে খুব একটা আগ্রহী নয়।

হরমুজ প্রণালির সংকট, যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচন এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদ ব্যবহারের বিষয়ে অভ্যন্তরীণ বিতর্ক—সব মিলিয়ে ওয়াশিংটনের জন্য পরিস্থিতি জটিল।

ট্রাম্পও বলেছেন, হুথিরা চায় না যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়াক।

তবে সৌদি আরবকে গোয়েন্দা সহায়তা দিতে প্রায় ১০০ জন মার্কিন সামরিক উপদেষ্টা পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিএনএন।

সৌদি সরকারের সাবেক উপদেষ্টা নাওয়াফ ওবায়েদ বলেছেন, রিয়াদের অনুরোধ মূলত মার্কিন বিমান হামলার জন্য ছিল না। তাদের চাওয়া ছিল গোয়েন্দা সহায়তা।


সৌদি আরবের আরেকটি বিকল্প হলো রাজনৈতিক সমঝোতার চেষ্টা। কিন্তু সেই পথও এখন আগের তুলনায় অনেক কঠিন।

গত কয়েক মাস ধরে রিয়াদ হুথি ও ইরানকে সতর্ক করে আসছে। বিভিন্ন সময় নিন্দা জানিয়েছে এবং কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। কিন্তু তাতে হুথিদের অগ্রযাত্রা থামেনি।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পরও তাৎক্ষণিক পাল্টা হামলা চালায়নি। বরং ইরাক সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার কথা জানিয়েছে।

একই সঙ্গে সৌদি আরব বলেছে, নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অধিকার তারা সংরক্ষণ করে।

বিশ্লেষক চিনজিয়া বিআঙ্কোর মতে, রাজনৈতিক সমাধানের সুযোগ সৌদি আরব প্রায় শেষ করে ফেলেছে।

হুথিদের সঙ্গে সমঝোতায় পৌঁছানো গেলেও সৌদি আরবকে বড় মূল্য দিতে হতে পারে। বিশ্লেষক আল-বাশার মতে, এমন সমঝোতা হলে হুথিদের প্রায় সব দাবিই মেনে নিতে হতে পারে।

তার ভাষায়, সেটি হবে অত্যন্ত ব্যয়বহুল আত্মসমর্পণের মতো। তবে অন্যদিকে পূর্ণমাত্রার যুদ্ধেও সৌদি আরবের জন্য বড় ঝুঁকি রয়েছে।

ইয়েমেনে নতুন করে যুদ্ধ শুরু হলে তা ইরান, যুক্তরাষ্ট্র এবং পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে বদলে দিতে পারে।

সামনে কী করবে রিয়াদ
সৌদি আরব কবে এবং কীভাবে পাল্টা পদক্ষেপ নেবে, তা এখনো স্পষ্ট নয়। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের সহায়তায় হুথিদের বিরুদ্ধে ইয়েমেন সরকারের সামরিক অভিযান এরই মধ্যে শুরু হয়েছে।

আগামী দিনগুলোতে, এমনকি কয়েক ঘণ্টার মধ্যেও, এই অভিযান আরও তীব্র হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একাধিক ফ্রন্টে বড় ধরনের চমকও দেখা যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

তবে সৌদি আরব আন্তর্জাতিক সমর্থন ছাড়া সরাসরি সর্বাত্মক যুদ্ধে যাবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। কারণ হুথিদের পাশাপাশি ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীরও হামলার মুখে রয়েছে সৌদি আরব।

ফলে রিয়াদের সামনে এখন দুটি পথই কঠিন—যুদ্ধে গেলে বড় আঞ্চলিক সংঘাতের ঝুঁকি, আর সমঝোতায় গেলে রাজনৈতিক ও কৌশলগত বড় ছাড় দেওয়ার আশঙ্কা।