আর্কাইভ | ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩, ৬ জামাদিউস সানি ১৪৪৮ ০১:৫৮:২৫ পূর্বাহ্ন
Photo
স্টাফ রিপোর্টার
ঢাকা, প্রকাশিতঃ
১৭ নভেম্বর ২০২৬
০৯:১৪:১৩ পূর্বাহ্ন

রামিসা হত্যায় স্বপ্না খালাস পেলেন কেন


রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। তবে অপর আসামি স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

ওই রায়ের আলোকে স্বপ্না খাতুনের খালাস প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, স্বপ্না খাতুনের ক্ষেত্রে আদালতের পর্যালোচনা ও পর্যবেক্ষণ হচ্ছে, যেহেতু মূল অপরাধটি ধর্ষণ এবং পরে হত্যাকাণ্ড ঘটানো, সেহেতু সোহেল রানার জবানবন্দিতে নিজেকে সম্পৃক্ত করা ছাড়া স্বপ্না খাতুনের কোনো সম্পৃক্ততার কথা উল্লেখ করেননি। আদালতও বলেছেন, কোনো ধর্ষণের ঘটনায় একজন নারী তার স্বামীকে সহযোগিতা করার সুযোগ নেই।

আদালত আরও বলেছেন, অন্যান্য যেসব সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, তাদের সাক্ষ্য থেকে প্রমাণিত হয়, স্বপ্না খাতুন তার স্বামীকে বাঁচানোর জন্য তিনতলার গ্রিল কেটে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। কিন্তু মূল অভিযোগ, অর্থাৎ ধর্ষণ ও হত্যার সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। এই বিবেচনায় স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত।

এদিকে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়ে আদালত পর্যবেক্ষণে বলেন, রামিসার হত্যাকাণ্ড নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।


স্বপ্না খালাস পেলেন কেন

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, তাতে তাঁর স্ত্রী স্বপ্না খাতুন তাঁকে ধর্ষণ কিংবা অপরাধ সংঘটনে কোনোভাবে সহায়তা করেছেন—এমন একটি শব্দও বলেননি।

সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য ও আইনি দিক পর্যালোচনা করে স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত। আদালত বলেছেন, এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।


হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে পল্লবীর ওই ঘটনার ছয় মাসের মাথায় বিচারিক প্রক্রিয়ার দুটি ধাপ শেষ হলো। শিশুটি ধর্ষণ ও হত্যার শিকার হয় গত ১৯ মে। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। এ মামলায় সোহেল ও স্বপ্নাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে গত ৭ জুন রায় দিয়েছিলেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি ট্রাইব্যুনাল আসামি সোহেলকে পাঁচ লাখ ও স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন। ঘটনার ১৯ দিনের মাথায় ওই রায় দিয়েছিলেন বিচারিক আদালত।

তারপর আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের (ডেথ রেফারেন্স) জন্য বিচারিক আদালতের রায়সহ যাবতীয় নথিপত্র গত ৯ জুন হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পৌঁছায়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষের মাধ্যমে গত ১১ জুন পৃথক জেল আপিল করেন সোহেল ও স্বপ্না। আসামিদের ডেথ রেফারেন্স ও জেল আপিলের ওপর শুনানি শেষে আজ রায় দেন আদালত। সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত রায় ঘোষণা চলে।

কী কারণে খালাস পেলেন স্বপ্না খাতুন
এ মামলায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ও ৩০ ধারায় সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়ে রায় দিয়েছিলেন ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। আইনের ৯ (২) ধারায় ধর্ষণ বা ধর্ষণ-পরবর্তী অন্যবিধ কার্যকলাপের ফলে নারী বা শিশুর মৃত্যু হলে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। আইনের ৩০ ধারায় অপরাধে প্ররোচনা বা সহায়তার শাস্তির বিষয়ে বলা আছে।

ওই দুটি বিধান উল্লেখ করে ঘোষিত রায়ে হাইকোর্ট বলেছেন, ট্রাইব্যুনালের বিচারক স্বপ্না খাতুনকে ৯ (২) ও ৩০ ধারায় দণ্ড দিয়েছেন। ৯ (২) ধারায় অপরাধ সংঘটিত হয়েছে। একজন নারীর পক্ষে আট বছরের শিশুকে ধর্ষণের ক্ষেত্রে তাঁর স্বামীকে সহযোগিতা করা অসম্ভব। অন্যবিধ কার্যকলাপের বিষয়ে সোহেল রানা নিজেকে সম্পৃক্ত করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বপ্না খাতুন ধর্ষণ ও হত্যা কিংবা অন্য কার্যকলাপে তাঁকে কোনোভাবে সহায়তা করেছেন—স্বীকারোক্তিতে এমন একটি শব্দও বলেননি সোহেল রানা।

ঘটনার সময় রাত প্রায় ১১টার দিকে স্বপ্না খাতুন কক্ষের ভেতরে থাকলেও ৯ (২) ধারার সঙ্গে ৩০ ধারা মিলিয়ে তাঁকে অপরাধী সাব্যস্ত করা কঠিন বলে রায়ে উল্লেখ করেছেন আদালত। রায়ে আদালত বলেন, ‘মূল অপরাধীকে (সোহেল রানা) অপরাধ সংঘটনে তিনি সহযোগিতা করেছেন বলে অ্যাটর্নি জেনারেলের দেওয়া বক্তব্য গ্রহণ করছি না।’

ঘোষিত রায়ে বলা হয়, দেখা যায় ট্রাইব্যুনাল স্বপ্না খাতুনকে দণ্ডবিধির ২০১ ধারায় দোষী সাব্যস্ত করেছিলেন। তবে ২০১ ধারায় দণ্ড দেওয়া হয়নি। তাঁকে ৯ (২) ও ৩০ ধারায় দণ্ড আরোপ করা হয়।

দণ্ডবিধির ২০১ ধারা উল্লেখ করে রায়ে বলা হয়, বিধানটি স্বপ্না খাতুনের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার ভিত্তি পাওয়া যায়নি। এ ক্ষেত্রে উদ্দেশ্য বলতে অপরাধের আলামত-প্রমাণ উধাও করার উদ্দেশ্য বোঝানো হয়েছে। স্বপ্না খাতুনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ, এমনকি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও এ ধরনের কোনো অভিযোগ আসেনি।

স্বপ্না খাতুনের ক্ষেত্রে ডেথ রেফারেন্স নাকচ এবং তাঁর করা জেল আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হলো। অন্য কোনো মামলায় আটক না থাকলে তাঁর মুক্তির স্বাধীনতা থাকবে।

কী কারণে সোহেল রানার দণ্ড বহাল
এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানা নিজে শিশুটিকে ধর্ষণ এবং তাকে হত্যার পর দেহ খণ্ড খণ্ড করার কথা উল্লেখ করেছেন।

এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি সত্য ও স্বেচ্ছাপ্রণোদিত উল্লেখ করে সাক্ষ্য, নথি ও তথ্যাদি পর্যালোচনা করে রায়ে আদালত বলেন, স্বীকারোক্তিতে তিনি নিজেকে ছাড়া অন্য কাউকে অপরাধের সঙ্গে সম্পৃক্ততার কথা বলেননি। স্বপ্না খাতুন তাঁকে শুধু পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে উল্লেখ করেছেন। ধর্ষণ, হত্যা ও অন্য নিষ্ঠুর কাজ সোহেল রানা নিজেই সংঘটন করেছেন। আসামি সোহেল রানা অপরাধ করেননি—এমন কোনো কারণ দেখা যাচ্ছে না। অপরাধটি ছিল নৃশংস, ভয়াবহ ও অস্বাভাবিক প্রক্রিয়ায় সংঘটিত। ভুক্তভোগী ছিল অসহায় একটি শিশু। তাঁর (সোহেল রানা) সাজা কমানোর কারণ পাওয়া যায়নি। এ ধরনের অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি। সোহেল রানার ক্ষেত্রে ডেথ রেফারেন্স গ্রহণ এবং তাঁর করা জেল আপিল খারিজ করেছেন হাইকোর্ট।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির শুনানিতে ছিলেন। দুই আসামির পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. হাফিজুর রহমান খান। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন শিশুটির বাবা।


অ্যাটর্নি জেনারেলের ব্রিফিং
রায়ের পর নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ব্রিফিংয়ে বলেন, সোহেল রানা গ্রেপ্তার হওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেই জবানবন্দিতে তিনি পুরো ঘটনা স্বীকার করেছেন। এটি যেমন আদালত বিবেচনা করেছেন, তেমনিভাবে ওই ঘটনার সাক্ষী, মামলার বাদী শিশুটির মা–বাবা, প্রতিবেশীসহ যাঁরা উপস্থিত ছিলেন, তাঁদের সাক্ষ্যের ওপর ভিত্তি করে আদালত এ মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে শিশুটিকে ধর্ষণ ও তাকে নির্মমভাবে হত্যার জন্য সোহেল রানাই দায়ী।

রায়ের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, স্বপ্না খাতুনের ক্ষেত্রে আদালতের পর্যালোচনা ও পর্যবেক্ষণ হচ্ছে, মূল অপরাধটি হলো ধর্ষণ এবং পরবর্তী সময়ে হত্যা। সোহেল রানার জবানবন্দিতে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করা হলেও ঘটনায় স্বপ্না খাতুনের সম্পৃক্ততার কথা বলা হয়নি। ধর্ষণের ঘটনায় একজন নারী হিসেবে স্বামীর সহযোগী হওয়ার সুযোগ নেই। মূল যে অভিযোগ এবং মূল যে অপরাধ ধর্ষণ ও হত্যা, এর সঙ্গে তাঁর সম্পৃক্ততার প্রমাণ হয়নি। এই বিবেচনায় আদালত স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন।

আমি কিছু করিনি স্যার, আমি নির্দোষ: আদালতকে স্বপ্না
   

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়েছে। আসামি স্বপ্না বলেছেন, ‘স্যার আমি নির্দোষ। আমি কিছু করিনি।’

বুধবার (৩ জুন) বেলা ১১টা ৯ মিনিটের দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন আদালতে হাজির হন। এরপর আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়।

স্বপ্নার কিছু বলার আছে কিনা বিচারক জানতে চান। তখন স্বপ্না বলেন, ‘আমি কিছু করিনি স্যার। আমি নির্দোষ।’

বিচারক তখন বলেন, আপনাকে দরজা খুলতে বলা হয়েছে। খোলেননি কেন। ভিডিও তো আছে। তখনও স্বপ্না বলেন, ‘আমি কিছু করিনি, নির্দোষ আমি।’ বিচারক তা নথিভুক্ত করেন। এরপর মামলার আত্মপক্ষ শুনানি শেষে পরবর্তী ধাপ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য কালকের দিন ধার্য করেন।

এ সময় আরেক আসামি সোহেল বলেন, ‘স্যার আমার সঙ্গে ডলার ছিল, তাকে কেউ দেখেনি। তাকে ধরেন। আমিও দোষ করেছি। কিন্তু একা দোষী না। আমার একটা ছাওয়াল আছে। আমাকে ক্ষমা করে দেন। আমি নির্দোষ, খালাস চাই।’

এর আগে মঙ্গলবার রামিসার বাবা, মা, বোন, স্বজন, প্রতিবেশী প্রত্যক্ষদর্শী ও তদন্ত কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষ্য দেন। এরপর সাক্ষ্য গ্রহণ শেষ করার নিবেদন জানান রাষ্ট্রপক্ষ। আবেদন মঞ্জুর করে আদালত মামলার পরবর্তী ধাপ আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আজ দিন ধার্য করেন।


এর আগে গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আট বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফ্ল্যাটটিতে বসবাসকারী সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। আদালতের কাছে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন সোহেল।