আর্কাইভ | ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩, ৬ জামাদিউস সানি ১৪৪৮ ০২:১২:২৬ পূর্বাহ্ন
Photo
বিশেষ প্রতিবেদক 
ঢাকা, প্রকাশিতঃ
১৭ নভেম্বর ২০২৬
০৮:৩৭:৪২ পূর্বাহ্ন

যে কারণে এমপি পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক


কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান তিনি।


সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন তিনি আমেরিকায় আছেন। সেখান থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সেসময় তিনি আমেরিকায় ছিলেন। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে তখন চিঠি দিয়েছিলেন।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন।


পদত্যাগপত্রে যা লিখেছেন 

জাতীয় সংসদের স্পিকার বরাবর পাঠানো পদত্যাগপত্রে বিএনপি নেতা সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক লিখেছেন, পদত্যাগের সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল।

কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদ থেকে রোববার (১৪ নভেম্বর) কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে স্পিকারকে অবহিত করেন। তিনি মেইলে স্পিকার বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্র নিশ্চিত করেছে।

পদত্যাগপত্রে ওসমান ফারুক আরও লিখেছেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। এখন তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন। এ পরিস্থিতিতে তার স্বাস্থ্য ও সুস্থতা পুনরুদ্ধারের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া একান্ত প্রয়োজন হয়ে পড়েছে।

তিনি আরও লিখেছেন, এ সিদ্ধান্ত গ্রহণ করা তার জন্য অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক ছিল। জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে বলে তিনি গভীরভাবে মর্মাহত।

পদত্যাগপত্রটি এরই মধ্যে গ্রহণ করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানিয়েছেন স্পিকার।

এদিন বিকেল সোয়া ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের বৈঠক শুরু হয়। অধিবেশনের শুরুতেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনি এলাকায় ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর হতে কার্যকরভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে স্পিকার বরাবর স্বীয় স্বাক্ষর যুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি আমি ১৫ নভেম্বর পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।’

 যা জানালেন ঢাবি অধ্যাপক


বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য ড. কামরুল হাসান মামুন।

তিনি দাবি করেছেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের অবহেলার কারণেই সংসদ সদস্য পদ ছেড়েছেন ওসমান ফারুক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে অধ্যাপক কামরুল হাসান মামুন লেখেন, ‘সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ড. ওসমান ফারুক। বিএনপি শুধু না বাংলাদেশের রাজনীতিতে আমার ধারণা একমাত্র স্কলার যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে কৃষি অর্থনীতিতে মাস্টার্স ও কর্নেল বিশ্ববিদ্যালয়ের মত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।’

ওসমান ফারুকের কর্মজীবন তুলে ধরে তিনি লেখেন, ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন। আর তারেক রহমানের অবহেলায় সংসদ সদস্য পদ ছাড়েন।’

বর্তমান সরকারের সমালোচনা করে ঢাবির এ অধ্যাপক লেখেন, ‘এই সরকারে শিক্ষাদীক্ষায় উঁচু মানের তেমন গুণী মানুষ পাবেন না।’

ওসমান ফারুকের পদত্যাগের সিদ্ধান্তের প্রশংসা করে তিনি আরও লেখেন, ‘পদত্যাগ করতেও হেডম লাগে যা আমাদের দেশের রাজনীতিবিদদের নাই। বরং পদ পাওয়ার জন্য ঘুষ দেওয়া থেকে শুরু করে এহেন হীন কাজ নাই যা করে না।’

তবে তারেক রহমানের অবহেলায় ওসমান ফারুক পদত্যাগ করেছেন বলে অধ্যাপক কামরুল হাসান মামুন যে দাবি করেছেন, তার পক্ষে পোস্টে কোনো প্রমাণ তুলে ধরেননি।

এদিকে, মঙ্গলবার জাতীয় সংসদে ওসমান ফারুকের পদত্যাগের বিষয়টি জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পদত্যাগপত্র অনুযায়ী, শারীরিক অসুস্থতার কারণে তিনি সংসদ সদস্য পদ ছেড়েছেন। গত ১৫ নভেম্বর থেকে তার কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।