তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে পৌঁছান। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
তিনি জানান, এ সময় সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে সমবেত বিশ্বনেতারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিক ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন। উপ প্রেস সচিব জানান, জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সম্মিলন ঘটে। সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও বিশ্বনেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছেন- ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও প্রধানমন্ত্রী শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং জলবায়ুবিষয়ক বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে।
সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ। গতকাল বিকেলে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইনে সম্মেলনস্থলে দুই নেতা বৈঠক করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি বলেন, বিকেল পৌনে ৩টায় শুরু হওয়া বৈঠকটি প্রায় আধাঘণ্টা স্থায়ী হয়।
বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুই নেতা আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে (কপ-৩১) ‘আন্তালিয়া লিডার্স সামিট’-এর উদ্বোধনী অধিবেশন শুরু হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটে কপ-৩১ সম্মেলনস্থলে উদ্বোধনী অধিবেশন শুরু হয়। উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।
এর আগে সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মেলনস্থলে পৌঁছান। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়। উদ্বোধনী অধিবেশন শুরুর আগে সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় বিশ্বনেতাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলাপচারিতা হয়।