আর্কাইভ | ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩, ২৫ জিলক্বদ ১৪৪৭ ০১:১১:২৩ পূর্বাহ্ন
Photo
স্টাফ রিপোর্টার
ঢাকা, প্রকাশিতঃ
১২ মে ২০২৬
০৯:১৯:৪০ পূর্বাহ্ন

কাঁটাতার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা হবে কূটনৈতিকভাবে


সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের মাধ্যমে কূটনৈতিকভাবে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমাদের কনসার্ন নিরাপত্তা এবং যেন পুশ-ইন না হয়, সে বিষয়ে সতর্ক থাকা।’

সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের ‘পুশ-ইন’ না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (১২ মে) আসন্ন কুরবানি ঈদে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সারা দেশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশুর হাটে সিসিটিভিসহ পর্যাপ্ত নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে। কুরবানি পশুবাহী যানবাহনে চাঁদাবাজি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হটলাইনের ব্যবস্থা থাকবে।


চাঁদাবাজির ঘটনা জানানোর জন্য ১৬৬১১৩ হটলাইন নাম্বারে ফোন দেওয়ার অনুরোধও করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, ঈদুল আজহার আগের সাত দিন ও পরের সাত দিন জন্য মনিটরিং সেল গঠন করা হবে। সেখান থেকে সব কিছু মনিটর করা হবে।

এবারে, ১৫টি পশুর হাট হবে উত্তর সিটি করপোরেশন এলাকায় এবং ১১টি হবে দক্ষিণ সিটি করপোরেশনে। এ ছাড়া কুরবানির পশুর চামড়া সংরক্ষণে বিনা মূল্যে লবণ সরবরাহের জন্য সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান মন্ত্রী।