আর্কাইভ | ঢাকা, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩, ২০ জিলক্বদ ১৪৪৭ ১০:০৪:১৩ পূর্বাহ্ন
Photo
এখন বাংলা ডেস্ক
ঢাকা, প্রকাশিতঃ
০৭ মে ২০২৬
০৯:৫৫:১৪ পূর্বাহ্ন

যে কারণে হরমুজ প্রণালিতে অভিযান স্থগিত করতে বাধ্য হয়েছেন ট্রাম্প


সৌদি আরব তার আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নৌ-অভিযান স্থগিত করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ খবরটি প্রকাশ করেছে।

খবরে বলা হয়, ট্রাম্প রোববার সামাজিক মাধ্যমে হঠাৎ করেই এই অভিযানের ঘোষণা দেন। কিন্তু এতে ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব। সৌদি সরকার দ্রুত ওয়াশিংটনকে জানিয়ে দেয় যে, তারা এই অভিযানের জন্য নিজেদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না।

দুই মার্কিন কর্মকর্তা জানান, "রিয়াদের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান বিমানঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান পরিচালনার অনুমতি দিতে অস্বীকৃতি জানায় সৌদি আরব। অথচ এই ঘাঁটিকে পুরো অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প নিজে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন। তবে তাতেও কোনো সমাধান হয়নি। পরে ট্রাম্প সাময়িকভাবে 'প্রজেক্ট ফ্রিডম' স্থগিত করার সিদ্ধান্ত নেন।"

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের এই ঘোষণায় কাতারসহ উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি মিত্র দেশও বিস্মিত হয়। এমনকি ওমানের সঙ্গেও আগে কোনো সমন্বয় করা হয়নি বলে জানিয়েছেন পশ্চিম এশিয়ার এক কূটনীতিক।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র আগে ঘোষণা দিয়েছে, পরে এসে আমাদের সঙ্গে আলোচনা করেছে।”

তবে, হোয়াইট হাউস দাবি করেছে, আঞ্চলিক মিত্রদের আগেই বিষয়টি জানানো হয়েছিল।

'প্রজেক্ট ফ্রিডম' মূলত ইরানের হরমুজ প্রণালিতে অবরোধ মোকাবিলার কৌশল হিসেবে ঘোষণা করা হয়েছিল। পেন্টাগন ও হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারাও প্রকাশ্যে এর পক্ষে কথা বলেছিলেন। তবে বুধবার ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার সুযোগ তৈরি হয় কি না, তা দেখতেই আপাতত এই অভিযান স্থগিত রাখা হয়েছে।

সৌদি সূত্র জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে রিয়াদ ইতিবাচকভাবে দেখছে।#


মুজতাবা খামেনেয়ীর সঙ্গে আড়াই ঘণ্টার বৈঠক
ইরানি নেতার মতো বিনয়ী ও আন্তরিক মানুষ আমি দেখিনি: প্রথম সাক্ষাতে পেজেশকিয়ান


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর বিনয়, আন্তরিকতা ও মানুষের প্রতি শ্রদ্ধাবোধের প্রশংসা করেছেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান সম্প্রতি দেশের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ মুজতাবা খামেনেয়ীর সাথে প্রথমবারের মতো সরাসরি দেখা করেছেন। বুধবার শিল্প, খনি ও বাণিজ্য মন্ত্রণালয় সফরের সময় এই সাক্ষাৎ সম্পর্কে তিনি বলেন, বৈঠকটি খুবই আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং প্রায় আড়াই ঘণ্টা ধরে আলোচনা চলে। 

পেজেশকিয়ান বলেন, বৈঠকে সবচেয়ে বেশি যে বিষয়টি তাকে মুগ্ধ করেছে, তা হলো নেতার বিনয়ী, আন্তরিক ও শ্রদ্ধাশীল আচরণ। তার এই আচরণ পুরো আলোচনায় আস্থা, শান্তি ও সহমর্মিতার পরিবেশ তৈরি করে।’

ইরানি প্রেসিডেন্টের মতে, দেশের সর্বোচ্চ নেতা যখন কর্মকর্তাদের সঙ্গে এত সরলতা ও সম্মানের সঙ্গে আচরণ করেন, তখন সেটি পুরো প্রশাসনের জন্য উদাহরণ হয়ে দাঁড়ায়।

তিনি আরও বলেন, দেশের প্রশাসনের সব স্তরে পারস্পরিক আস্থা, ঐক্য ও সহমর্মিতা বাড়ানো জরুরি।

প্রেসিডেন্টে বলেন, জনগণের কাছে থাকা, তাদের কথা শোনা এবং দায়িত্বশীল আচরণ করাই নেতৃত্বের মূল বৈশিষ্ট্য হওয়া উচিত।

উল্লেখ্য, আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শহীদ হওয়ার পর তার দ্বিতীয় ছেলে আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনেয়ী ইসলামী বিপ্লবের নেতার দায়িত্ব গ্রহণ করেন।

গত ২৮ ফেব্রুয়ারির হামলার পর ইরানে কয়েক সপ্তাহ ধরে সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানো হয়। জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা এখনো কার্যকর রয়েছে।