আর্কাইভ | ঢাকা, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২, ১৫ শা‍ওয়াল ১৪৪৭ ০২:৫১:৩৬ পূর্বাহ্ন
Photo
বিশেষ প্রতিবেদক
ঢাকা, প্রকাশিতঃ
০৩ এপ্রিল ২০২৬
১০:১১:৫৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে খোলা চিঠি


সুনামগঞ্জসহ অন্যান্য হাওরের জেলার কৃষকদের বাঁচাতে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে খোলা চিঠি লিখেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এই চিঠি লিখেন।


চিঠিতে শিশির মনির বলেন, ‘আমি জানি না এই চিঠি আপনার দৃষ্টিগোচর হবে কি না! তথাপি বুক ভরা আশা নিয়ে আপনাকে লিখছি।’

তিনি বলেন, ‘আমরা হাওর পাড়ের মানুষ। একটিমাত্র ফসলই আমাদের জীবন। সেই ফসল জলাবদ্ধতার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সমাধানের জন্য অনেকেই সাধ্যমতো চেষ্টা করছেন কিন্তু পারছেন না।’

প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী বলেন, ‘আপনার মূল্যবান সময়। অনেক ব্যস্ত আপনি। অনেক কাজ আপনার হাতে। তবুও আপনার দৃষ্টি আকর্ষণ করছি। সুনামগঞ্জ-হবিগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোনাসহ আশপাশের এলাকার জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার।’

সরেজমিনে যেন প্রধানমন্ত্রী তার এলাকা পরিদর্শন করেন এমন আহ্বান জানিয়ে শিশির মনির বলেন, ‘প্রধানমন্ত্রী কষ্ট করে হেলিকপ্টারে একবার ঘুরে আসতে পারেন। দরকার মনে করলে দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যদের কাজে লাগাতে পারেন। নিশ্চয়ই আপনার প্রশাসন আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে।’
গপত্র

দিরাই-শাল্লায় অনেক বেশি খাল খনন প্রয়োজন জানিয়ে জামায়াতের এ নেতা বলেন, ‘আপনার শাসন আমলে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। আপনার বাবাও এই কাজের মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন। আমাদের এলাকায় (দিরাই-শাল্লা) বেশি করে খাল খনন করা দরকার। অপরিকল্পিত বাঁধ অনেক ক্ষতি করছে। আমি আশা করি আপনি পারবেন ইনশাআল্লাহ। চিঠির শেষে নিজের ঠিকানা হিসেবে সুনামগঞ্জের শাল্লা উপজেলার দৌলতপুরের নাম লেখেন সুপ্রিম কোর্টের এ আইনজীবী।