আন্তর্জাতিক ডেস্ক 
প্রকাশিতঃ ২৩ অক্টোবর ২০২৬ ০৯:৪১:৪৪ পূর্বাহ্ন
আরব আমিরাতে কিসের দুর্গন্ধ? 

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া অস্বাভাবিক দুর্গন্ধের কারণ হিসেবে একটি তেলবাহী ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ার ঘটনা শনাক্ত হয়েছে। এ ঘটনায় দেশটির উম্ম আল কুয়াইন আমিরাতের সব সৈকত ও উপকূলীয় এলাকা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, গত ১৯ অক্টোবর শারজাহসহ ইউএইর বিভিন্ন এলাকায় অস্বাভাবিক দুর্গন্ধের খবর পাওয়া যায়। পরে কর্তৃপক্ষ বিষয়টি তদন্তে নামে। ২০ অক্টোবর শারজাহ পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জনস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকির ইঙ্গিত পাওয়া যায়নি। এরপরও দুর্গন্ধের উৎস শনাক্ত করতে পর্যবেক্ষণ ও তদন্ত চলতে থাকে।

২১ অক্টোবর দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় জানায়, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দুর্গন্ধের প্রকৃতি ও উৎস খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক মূল্যায়নে উদ্বেগের কোনো কারণ পাওয়া যায়নি বলেও জানানো হয়।

২৩ অক্টোবর মন্ত্রণালয় নিশ্চিত করে, একটি তেলবাহী ট্যাংকার থেকে ছড়িয়ে পড়া তেল উম্ম আল কুয়াইনের সৈকতকে দূষিত করেছে। শারজাহ, আজমান ও উম্ম আল কুয়াইনে বাসিন্দাদের টের পাওয়া দুর্গন্ধের সঙ্গে এ দূষণের সম্পর্ক রয়েছে।

তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে, দূষিত এলাকা ঘিরে রাখতে এবং পরিষ্কার করতে বিশেষায়িত দল কাজ করছে। একই সঙ্গে সামুদ্রিক পরিবেশের ক্ষয়ক্ষতি নিরূপণে উপকূলীয় এলাকায় পর্যবেক্ষণ ও মূল্যায়ন চলছে।

মন্ত্রণালয় জানিয়েছে, দুর্গন্ধে বাসিন্দাদের স্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নেই। দূষণ মোকাবিলার কাজ শেষ করে প্রয়োজনীয় নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত উম্ম আল কুয়াইনের সৈকত ও উপকূলীয় এলাকা বন্ধ থাকবে। জেলে ও সমুদ্রে চলাচলকারীদেরও দূষণকবলিত এলাকায় মাছ ধরা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

তবে তেল ছড়িয়ে পড়া ট্যাংকারটির পরিচয় এবং কী কারণে তেল ছড়িয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।


প্রধান সম্পাদক : এন, ইউ, শোয়েব
ভারপ্রাপ্ত সম্পাদক : ফোরকান হোসেন

৪৯/১/এ, পুরানা পল্টন লেন, চতুর্থ তলা, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১৩১৮০০৪৪
ইমেইল: akhonbangla24@gmail.com