আন্তর্জাতিক ডেস্ক 
প্রকাশিতঃ ২৩ অক্টোবর ২০২৬ ০৯:৩৬:৪৮ পূর্বাহ্ন
কোরআনের উদ্ধৃতি দিয়ে  যে কথা বললেন বিল ক্লিনটন 

মুসলমানদের ধর্মীয় পরিচয়ের কারণে হেয় করা ও তাদের প্রতি বৈষম্যের নিন্দা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি বলেছেন, মুসলমান হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে—এটা দেখে তিনি ক্লান্ত। এ সময় পবিত্র কোরআনের একটি আয়াতও উদ্ধৃত করেন তিনি।

ফ্লোরিডার কোনোনিয়া ওয়ারশিপ সেন্টারে ‘মাল্টিপল ফেইথস, ওয়ান ফ্লোরিডা’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় ক্লিনটন এ কথা বলেন। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের একে অপরকে জানা ও বোঝার গুরুত্ব তুলে ধরতে তিনি কোরআনের সুরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতের কথা উল্লেখ করেন।

ক্লিনটন বলেন, ‘মুসলমান হওয়ার কারণে মুসলমানদের হেয় করা হচ্ছে—এটা দেখে আমি ক্লান্ত।’

ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের প্রতি নিজের মেয়ে চেলসি ক্লিনটনের আগ্রহের কথাও স্মরণ করেন তিনি। ক্লিনটন জানান, তার মেয়ে ১৫ বছর বয়সে পুরো কোরআন পড়ে শেষ করেন। পরে বাবাকেও বইটি পড়তে উৎসাহিত করেন।

সুরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষকে বিভিন্ন জাতি ও গোত্রে সৃষ্টি করা হয়েছে, যাতে তারা একে অপরকে চিনতে পারে। এই আয়াত উদ্ধৃত করে ক্লিনটন বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শত্রুতার পরিবর্তে পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, ‘প্রতিটি ধর্মেই খারাপ মানুষ রয়েছে, কারণ আমরা সবাই ত্রুটিপূর্ণ মানুষ।’

মিশিগান থেকে মার্কিন সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মুসলিম প্রার্থী আবদুল এল-সায়েদকে নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যে ক্লিনটনের এ বক্তব্য এলো।

সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সায়েদ মার্কিন সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হওয়ার লক্ষ্য নিয়ে লড়ছেন। তার রাজনৈতিক প্রতিপক্ষরা তাকে উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছে। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পও তাকে ‘জিহাদি’ বলে উল্লেখ করেছেন।

এল-সায়েদের বিরুদ্ধে এমন বক্তব্য ও ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে সমালোচনার প্রেক্ষাপটে ক্লিনটন বিভিন্ন ধর্মের মানুষের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার আহ্বান জানান।


প্রধান সম্পাদক : এন, ইউ, শোয়েব
ভারপ্রাপ্ত সম্পাদক : ফোরকান হোসেন

৪৯/১/এ, পুরানা পল্টন লেন, চতুর্থ তলা, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১৩১৮০০৪৪
ইমেইল: akhonbangla24@gmail.com