আন্তর্জাতিক ডেস্ক 
প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০২৬ ০৫:০৩:১১ পূর্বাহ্ন
সৌদিতে নিহতদের মধ্যে কোন কোন দেশের নাগরিক আছেন?

সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের (১০ অক্টোবর) এ হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি নাগরিক ও দুজন বাংলাদেশি।


নিহত অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিশরের একজন করে নাগরিক রয়েছেন। সৌদি জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানিয়েছে, হামলায় আহত হয়েছেন অন্তত ৩০৯ জন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


হামলায় বিমানবন্দরের বিভিন্ন স্থাপনারও ক্ষয়ক্ষতি হয়েছে। চলতি সপ্তাহে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের এটি তৃতীয় হামলা। এর আগে বৃহস্পতিবার একই বিমানবন্দরে হুথিদের হামলায় অন্তত তিনজন সৌদি নাগরিক নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন পাইলটও ছিলেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সর্বশেষ হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র: আল-জাজিরা

সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করতে হুথির সতর্কবার্তা


ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার জন্য যাত্রী ও বিমান সংস্থাগুলোকে সতর্ক করেছে। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর এ সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটি।

রোববার (১১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।

বিবৃতিতে তিনি বলেন, সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমায় হামলা চালাতে পারে তাদের বাহিনী। তবে, মক্কা ও মদিনার বিমানবন্দর এ হামলার হুমকির আওতার বাইরে থাকবে বলে জানান তিনি।

বিবৃতিতে ইয়াহিয়া সারি বিমান সংস্থা, নৌপরিবহন সংস্থা, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও যাত্রীদের সতর্কবার্তাটি গুরুত্বের সঙ্গে নেওয়ার আহ্বান জানান।


তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা ব্যর্থ হলে এর দায় দেশটির সরকারকে নিতে হবে।


হুথিদের সামরিক বাহিনী আরও জানিয়েছে, নিজেদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা ঘোষিত অবস্থান থেকে সরে আসবে না।

বিমানবন্দরে হামলার জবাবে বিমানবন্দরে হামলা, অবরোধের জবাবে অবরোধ এবং উত্তেজনা বাড়লে পাল্টা পদক্ষেপ নেওয়ার নীতি অনুসরণ করবে তারা।


এর আগে, গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জন নিহত হন। আহত হন আরও ৩০৯ জন।


এক দশকের বেশি সময়ের মধ্যে সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে এ ঘটনাকে।


নিহত ব্যক্তিদের মধ্যে চারজন সৌদি নাগরিক। এছাড়া বাংলাদেশ, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া ও সুদানের নাগরিকও রয়েছেন।

হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করেছে সৌদি আরব। অন্যদিকে, এ ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা।

সূত্র: দ্য ডন


প্রধান সম্পাদক : এন, ইউ, শোয়েব
ভারপ্রাপ্ত সম্পাদক : ফোরকান হোসেন

৪৯/১/এ, পুরানা পল্টন লেন, চতুর্থ তলা, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১৩১৮০০৪৪
ইমেইল: akhonbangla24@gmail.com