বিনোদন রিপোর্টার 
প্রকাশিতঃ ২০ আগস্ট ২০২৬ ০৮:৫৯:৪৩ পূর্বাহ্ন
নায়িকা তমা মির্জা হঠাৎ আলোচনায় কেন? 

ঢাকাই সিনেমার অভিনেত্রী তমা মির্জা আবারও আলোচনায়। অভিনয়ের পাশাপাশি নতুন করে ব্যাংকের চাকরিতে যুক্ত হওয়ায় তাকে নিয়ে তৈরি হয়েছে নতুন আগ্রহ। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করছেন তিনি। তবে ব্যাংকের চাকরির কারণে অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

২০০৯ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তমা মির্জার। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। ২০১৫ সালে ‘নদীজন’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর তার ক্যারিয়ারে নতুন গতি আসে। পরে ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘ফ্রাইডে’, ‘সুড়ঙ্গ’ ও সর্বশেষ ‘দাগি’ সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেন তিনি।


‘দাগি’র পর একাধিক সিনেমায় অভিনয়ের কথা থাকলেও সেগুলোর কোনোটিই চূড়ান্ত হয়নি। এরই মধ্যে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তমা। সিনেমাটির প্রাথমিক নাম ‘খলনায়ক’। এটি পরিচালনা করবেন ভিকি জাহেদ এবং প্রযোজনা করছে আলফা আই। চলতি মাসের শেষ দিকে অথবা আগামী মাসের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হতে পারে।

নতুন সিনেমা প্রসঙ্গে তমা বলেন, ‘দাগি’র পর এর চেয়ে সুন্দর গল্পে ফেরাটাই আমার জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। আমার চরিত্রটিও বেশ মনে ধরেছে।’

অভিনয়ের পাশাপাশি ব্যাংকের চাকরি প্রসঙ্গে তমা জানান, নতুন কাজটি তিনি উপভোগ করছেন। তবে অভিনয় ছাড়ার কোনো পরিকল্পনা নেই তার। তিনি বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা। এখানেই আছি, থাকব, আমৃত্যু কাজ করব ইনশা আল্লাহ।’

 বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
বছরে একটি-দুটি সিনেমায় বেছে বেছে কাজ করেন তমা। তাই অভিনয়ের পাশাপাশি ব্যাংকের চাকরিকে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে দেখছেন তিনি।

এদিকে অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তমা। ২০২৩ সালে সিরিজটির শুটিং শেষ হলেও এখনো মুক্তি পায়নি। বিষয়টি নিয়ে কিছুটা হতাশ হলেও আপাতত সিরিজটি নিয়ে আর ভাবতে চান না এই অভিনেত্রী।


উপদেষ্টা সম্পাদক : এন, ইউ, বিশ্বাস
ভারপ্রাপ্ত সম্পাদক : ফোরকান হোসেন

৪৯/১/এ, পুরানা পল্টন লেন, চতুর্থ তলা, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১৩১৮০০৪৪
ইমেইল: akhonbangla24@gmail.com