বিশেষ প্রতিবেদক 
প্রকাশিতঃ ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ০৯:১৭:১০ পূর্বাহ্ন
অভিজ্ঞ-তরুণ নেতৃত্বের সমন্বয়ে কার্যকরী মন্ত্রিসভা

নবগঠিত ৫০ সদস্যের মন্ত্রিসভা তারুণ্য ও অভিজ্ঞতার একটি সুষম সমন্বয়। দেশের জন্য এটি একটি গতিশীল নেতৃত্বের প্রতিচ্ছবি তুলে ধরে। নবীন-প্রবীণের সম্মিলিত জ্ঞান, উদ্যম ও বাস্তব অভিজ্ঞতা সুশাসনকে আরও শক্তিশালী করবে। দেশকে টেকসই অগ্রগতি ও উন্নয়নের পথে এগিয়ে নিতে সহায়ক হবে।

ব্যবসায়ী, অর্থনীতিবিদ, কূটনীতিক ও জনপ্রশাসন বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভা নিয়ে এ মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। এই বিশাল বিজয়ের পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।

কেমন হলো দুই দশক পর সরকার গঠনের সুযোগ পাওয়া বিএনপির মন্ত্রিসভা? এটা নিয়ে সব মহলে চলছে আলোচনা।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও মাসরুর রিয়াজ  বলেন, নতুন গঠিত মন্ত্রিসভাকে যথেষ্ট সম্ভাবনাময় ও ভারসাম্যপূর্ণ বলে মনে হচ্ছে। এই মন্ত্রিসভায় একদিকে রাষ্ট্র পরিচালনা ও প্রশাসনিক কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, অন্যদিকে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা জনপ্রতিনিধি হিসেবে বহুবার জনগণের সঙ্গে সরাসরি কাজ করেছেন। ফলে নীতিনির্ধারণের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা ও আর্থ-সামাজিক বাস্তবতার মধ্যে কার্যকর সংযোগ স্থাপন সহজ হবে বলে আশা করা যায়।

এটি একটি কার্যকরী সিদ্ধান্ত, কারণ সরকার কীভাবে নীতি প্রয়োগ করবে এবং দেশের সমস্যা সমাধান করবে, তা এই মন্ত্রিসভার কর্মক্ষমতা দিয়ে বোঝা যাবে। প্রথম একশ দিনের পরিকল্পনা এই কর্মসম্পাদনের সঠিক দিকনির্দেশনা দেবে এবং সরকারের সফলতার ইঙ্গিত দেবে।-অধ্যাপক ড. আল মাসুদ হাসানুজ্জামান

রিয়াজ বলেন, মন্ত্রিসভায় তারুণ্য ও আধুনিক বৈশ্বিক দৃষ্টিভঙ্গির সমন্বয় লক্ষ্য করা যাচ্ছে, যা বর্তমান বিশ্বব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নীতি গ্রহণে সহায়ক হবে। বর্তমান প্রেক্ষাপটে অর্থনীতি, রাজনীতি ও বৈশ্বিক কূটনীতি একে অপরের পরিপূরক এবং আন্তঃনির্ভরশীল। এই বাস্তবতা বিবেচনায় অভিজ্ঞতা, রাজনৈতিক দক্ষতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে গঠিত মন্ত্রিসভা দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে।


বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ে এমন একজন অভিজ্ঞ ব্যক্তির অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ, যিনি দীর্ঘদিন ধরে বেসরকারি খাতের সঙ্গে সংলাপ ও নীতিনির্ধারণে যুক্ত ছিলেন। একইভাবে বাণিজ্য মন্ত্রণালয়ে বেসরকারি খাত থেকে আসা নেতৃত্ব আন্তর্জাতিক বাণিজ্য, ব্যবসায়িক চ্যালেঞ্জ ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে বলে প্রত্যাশা করা যায়। আশা ব্যক্ত করেন এ অর্থনীতিবিদ।


উপদেষ্টা সম্পাদক : এন, ইউ, বিশ্বাস
ভারপ্রাপ্ত সম্পাদক : ফোরকান হোসেন

৪৯/১/এ, পুরানা পল্টন লেন, চতুর্থ তলা, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১৩১৮০০৪৪
ইমেইল: akhonbangla24@gmail.com